ধুনটে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

অপহরণ
প্রতীকী ছবি

বগুড়ার ধুনট উপজেলায় এক কলেজছাত্রীকে (১৮) অপহরণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ ওরফে স্বপনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

অভিযুক্ত আবু সালেহ উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তাঁর মেয়ে এ বছর এইচএসসি পাস করে বাড়িতে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর মেয়ে কেনাকাটা করতে ধুনট শহরে যান। সন্ধ্যা সাতটার পরও মেয়ে বাড়িতে না ফেরায় তাঁরা পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাঁকে খোঁজাখুঁজি করেন। পরে তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, ছাত্রলীগ নেতা আবু সালেহ ও তাঁর সহযোগীরা রাস্তা থেকে তাঁর মেয়েকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে গেছেন।

ওই ছাত্রীর বাবার অভিযোগটি প্রথমে জিডি এবং পরে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

এ ঘটনার পর থেকে আবু সালেহ গা ঢাকা দিয়েছেন। তাঁর মুঠোফোন নম্বরও বন্ধ। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আজ আবু সালেহ তাঁর ফেসবুক আইডি থেকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বউ আমি নিয়ে গেছি। অপহরণ করা হয়নি।’

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আবু সালেহের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবার অভিযোগটি প্রথমে জিডি এবং পরে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার এবং ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।