
চট্টগ্রামের রাউজানে মোজাহিদা মিনা (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের চাঁদের দীঘির পাড় গ্রামের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই গ্রামের সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মুহাম্মদ হারুনের স্ত্রী। মাত্র ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়েছে।
নিহত মোজাহিদার বাবা স্কুলশিক্ষক মুহাম্মদ নুরুল হুদা মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মাত্র ছয় মাস আগে মেয়েটাকে প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম সুখী হবে বলে। কিন্তু বিয়ের পর থেকে মেয়েটাকে নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত মেরেই ফেলল।’ তাঁর অভিযোগ, তাঁর মেয়ের ছয়জন ননদ আছেন। তাঁরা তাঁর মেয়েকে প্রায় সময় নির্যাতন করতেন।
পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ বলেন, ছয় মাস আগে মেয়েটির বিয়ে হয়। বিয়ের এক মাস পর স্বামী প্রবাসে চলে যান। এর মধ্যে মেয়েটিকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে।