
গাজীপুর মহানগরীর দেশিপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটিসংক্রান্ত দাবি নিয়ে মতবিরোধের জেরে পূর্বঘোষণা ছাড়া কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে আজ রোববার সকাল আটটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা প্রথমে দেশিপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সাড়ে নয়টার দিকে জয়দেবপুর-শিববাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করেন তাঁরা। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন দেশিপাড়া এলাকায় ইমন ফ্যাশন লিমিটেড কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। তাঁরা বিভিন্ন ছুটি ও অর্জিত ছুটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কিছুদিন ধরে আলোচনা করছেন। কিন্তু মালিকপক্ষ কোনো সমঝোতায় আসেনি। আজ সকাল আটটার দিকে অন্যান্য দিনের মতো কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। কিন্তু তাঁরা এসে দেখেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে কারখানা বন্ধ ঘোষণাসংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ওই নোটিশ দেখে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে প্রথমে দেশিপাড়া-জয়দেবপুর ফিডার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে নয়টার দিকে তাঁরা জয়দেবপুর-শিববাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কের উভয় দিকে যানজট সৃষ্টি হয়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইকবাল খান সাংবাদিকদের বলেন, ‘কারখানায় কী হচ্ছে, তা আমার জানা নেই।’
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, আজ সকালে ইমন ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ করতে এসে বন্ধের নোটিশ দেখতে পান। পরে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।