
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাকিব হাসান (১৮)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। দগ্ধ অপর শ্রমিক হলেন রাকিব হোসেন (১৮)।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকার শাহজাহান মজুমদারের আটতলা ভবনের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারিকেলবাগ এলাকার বাসিন্দা সোবহান আলী বলেন, দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানা থেকে সাকিব হাসানের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পান। এর সাত মিনিট পর অর্থাৎ ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, ওই ভবনে প্লাস্টিকের খেলনা তৈরি করা হতো। খেলনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন লাগার পর শ্রমিকেরা ছুটোছুটি করে ভবন থেকে বেরিয়ে যান। পরে সেখান থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আরও দুজনকে।
কাজী নজমুজ্জামান আরও বলেন, আহত দুজনকে প্রথমে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে শতভাগ দগ্ধ হওয়া মানিক আহমেদকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ বলেন, ভবনটিতে রাসায়নিক মিশিয়ে খেলনা তৈরি করা হতো। রাসায়নিকের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ৪ এপ্রিল কেরানীগঞ্জের কদমতলী আমবাগিচা ডিবজলের গলিতে অবস্থিত মেসার্স এসার গ্যাস প্রো ফ্যাক্টরিতে আগুন লাগে। ওই ঘটনায় ছয়জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, যাঁদের মধ্যে একজন শিশু ও দুজন নারী ছিলেন।