
নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ মাদ্রাসা থেকে বানরটি উদ্ধার করা হয়।
উদ্ধারের কাজটি করেন পরিবেশ ও বন্য প্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সদস্যরা। পরে রাতেই উপজেলার গোপালপুর পাহাড়ে বানরটিকে অবমুক্ত করা হয়।
মাদ্রাসাতুল ইনসাফের পরিচালক মাহমুদুল হক বলেন, সোমবার সন্ধ্যার পর মাদ্রাসাতুল ইনসাফ চত্বরে অচেনা একটি প্রাণী দেখতে পান শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাণীটি মাদ্রাসার বাউন্ডারি নেটের ওপর দিয়ে চলাফেরা করছিল। পরে সেটিকে ধরে একটি খাঁচায় রাখা হয়। খবর দেওয়া হয় সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের স্বেচ্ছাসেবকদের। তাঁরা এসে প্রাণীটি লজ্জাবতী বানর বলে শনাক্ত করেন।
খবর ছড়িয়ে পড়লে বানরটিকে দেখতে সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। পরে সেটিকে উদ্ধার করে রাত ৯টার দিকে বনে অবমুক্ত করা হয়।
সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ বলেন, খবর পাওয়ার পরপরই তাঁরা বানরটি উদ্ধার করেন। প্রাণীটি সুস্থ থাকায় রাতেই গোপালপুর পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। তাঁর ধারণা, খাবারের সন্ধানে বানরটি লোকালয়ে চলে এসেছিল। এ পর্যন্ত তাদের স্বেচ্ছাসেবকেরা প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে ফিরিয়ে দিয়েছেন।
লজ্জাবতী বানর উদ্ধারের বিষয়টি স্বেচ্ছাসেবকেরা বন বিভাগকে জানিয়েছেন বলে জানান দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক। পরে বন বিভাগের দিকনির্দেশনায় প্রাণীটিকে বনে অবমুক্ত করা হয়েছে। দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রায়ই বানর, অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসে।