চাচাকে হত্যার সাড়ে ৭ বছর পর ফাঁসির দণ্ড পাওয়া ভাতিজা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাঁর ভাতিজা জাকির খাঁকে সাড়ে ৭ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ী শরীফ খাঁ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া তাঁর ভাতিজা জাকির খাঁকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই হত্যাকাণ্ডের সাড়ে সাত বছর পর তাঁকে আজ শনিবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জাকির খাঁ উপজেলার উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের আমানত খাঁর ছেলে। তিনি সাড়ে সাত বছর ধরে পলাতক ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার চানপুর গ্রামের শরীফ খাঁর সঙ্গে তাঁর ভাই আমানত খাঁর জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগস্ট শরীফ খাঁ (৫০) খুন হন। এ ঘটনায় শরীফ খার স্ত্রী মাজেদা বেগম একই পরিবারের চারজনসহ পাঁচজনকে আসামি করে আখাউড়া থানায় হত্যা মামলা করেন।

ওই মামলার আসামিরা হলেন শরিফ খাঁর ভাই আমানত খাঁ এবং তাঁর তিন ছেলে জাকির খাঁ, গাজি খাঁ, মাহবুব খাঁ ও ভাতিজা আমির খাঁ। মামলা হওয়ার পর থেকেই জাকির খাঁ ও তাঁর দুই ভাই পলাতক ছিলেন। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতে এই হত্যা মামলায় জাকির খাঁসহ তাঁর তিন ভাইকে মৃত্যুদণ্ড এবং তাঁদের বাবা আমানত খাঁর যাবজ্জীবন সাজা হয়। আমানত খাঁ বর্তমানে কুমিল্লা কারাগারে সাজা ভোগ করছেন। এই মামলার অপর আসামি আমির খাঁ ২০১৮ সালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ব্যাপারে জানতে চাইলে শরীফ খাঁর ছেলে মো. রাসেল খাঁ বলেন, ‘আসামি গ্রেপ্তার হওয়ায় আমরা খুশি। এ জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার পিতার হত্যাকারীদের বিচারের রায় যেন কার্যকর করা হয়। তাহলেই আমরা শান্তি পাব।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বলেন, সাড়ে সাত বছর ধরে পলাতক শরীফ খাঁ হত্যা মামলায় মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাকির খাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া অপর দুই আসামি পলাতক রয়েছেন। শোনা যাচ্ছে, তাঁরা বিদেশে অবস্থান করছেন।