সাত মাসে অন্তত সাতবার এ ধরনের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে প্রশাসনকে নীরব থাকতে দেখা যা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী বাস, লেগুনাসহ যানবাহন আটক করছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তাঁদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
অভিযোগ রয়েছে, এসব যানবাহন আটকের পর অধিকাংশ ক্ষেত্রে সমাধানের নামে টাকা হাতিয়ে নেওয়া হয়। গত সাত মাসে এ ধরনের অন্তত সাতটি ঘটনা ঘটেছে।
এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নীরব থাকতে দেখা যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শিক্ষার্থীরা বাসে কোনো ধরনের সমস্যায় পড়লে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান না।
পুরো প্রক্রিয়ায় নজর দিলে মনে হওয়াটাই স্বাভাবিক যে প্রশাসন ছাত্রলীগকে টাকা নেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে।অমর্ত্য রায়, সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ)
নাম প্রকাশ না করার শর্তে সাভার পরিবহনমালিকদের একজন প্রথম আলোকে বলেন, ‘আমরা যাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে বাস চালাই, তাঁরা জাহাঙ্গীরনগর শিক্ষার্থীদের কাছে জিম্মি। কিছু হলেই বাস আটকায় আর বলে ফোন হারায় গেছে, হেলপার মারধর করছে ইত্যাদি। কিন্তু কোনো হেলপারের জীবনেও সাহস হবে না শিক্ষার্থীদের মারধর করার। তারা বাস আটকায় রাখে, আমরা গেলে তাদের কথার ওপর কথাও বলা যায় না। তারা অনেক শিক্ষার্থী থাকে, মারধরও করে বসতে পারে। তাই তারা টাকা চাইলে দেওয়া ছাড়া উপায় থাকে না। এই রোডে গাড়ি চালানোর মতো অবস্থা নেই আমাদের।’
৯ থেকে ১৪ অক্টোবর পাঁচ দিনে তিনবার বাস আটকের ঘটনা ঘটেছে। তিন দিনেই টাকা আদায় করে বাস ছাড়ার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে লাব্বাইক পরিবহনের সাতটি বাস আটক করে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক দল শিক্ষার্থী। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে বাসগুলো থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে তাঁরা বাসগুলো ছেড়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়।
এর দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক কর্মী গাবতলী থেকে বাসে উঠতে গেলে তাঁকে বাসে উঠতে না দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগে সেলফী পরিবহনের ২০টি বাস আটক করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই দিন দুপুরে বাসমালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে লিটনসহ কয়েকজন নেতা। পরে তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে বেলা দুইটার দিকে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের প্রথম বর্ষের এক ছাত্র এবং তাঁর বান্ধবীর সঙ্গে বাসে হাফ ভাড়া নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রী মাথায় আঘাত পান বলে দাবি ওই ছাত্রীর। এ ঘটনার জেরে সাভার পরিবহনের ১৮টি বাস আটক করে ওই হলের এক দল শিক্ষার্থী। পরে হলের ছাত্রলীগের কয়েকজন নেতা ৩০ হাজার টাকা আদায় করে বাসগুলো ছেড়ে দেন। তবে এই আদায়কৃত টাকা ভুক্তভোগী শিক্ষার্থী পাননি।
২৫ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন নেতা সাভার-আশুলিয়া রুটে চলাচলকারী ২৪টি লেগুনা আটকে রাখেন। তখন লেগুনার চালক ও মালিকপক্ষ অভিযোগ করে বলেন, প্রতিদিন প্রতিটি লেগুনা থেকে ২৫ টাকা করে চাঁদা দেওয়া হতো ছাত্রলীগকে। এই রুটে প্রতিদিন ২০০টি লেগুনা চলাচল করে। কিন্তু ছাত্রলীগের নেতারা বলছেন এখন থেকে ১০০ টাকা করে চাঁদা দেওয়ার জন্য। চাঁদা আদায়ের বিষয়টি সুরাহা না হওয়ায় লেগুনাগুলো আটকে রাখা হয়।
গত সাত মাসের মধ্যে এমন ঘটনা ঘটেছে আরও তিনবার। ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, বাস আটকানোর পর টাকাটা যায় ছাত্রলীগের হাতে। প্রশাসন যদি ঘটনাগুলো নিয়মিত সমাধান করত, তাহলে প্রশ্ন থাকত না। পুরো প্রক্রিয়ায় নজর দিলে মনে হওয়াটাই স্বাভাবিক যে প্রশাসন ছাত্রলীগকে টাকা নেওয়ার বন্দোবস্ত করে দিচ্ছে।
বাস আটকে টাকা আদায় প্রশ্নে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘শিক্ষার্থীরা বাস আটকে রেখে অনেক সময় টাকাপয়সার ঘটনাও ঘটে বলে শুনেছি। তবে বাস আটকের পর সমাধানের কাজ প্রশাসনের দায়িত্ব। প্রশাসন এটা সুরাহা করলে কোনো ধরনের অভিযোগ আসত না।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলমের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপারদের ঝামেলা হয় হাফ ভাড়া নিয়ে। হেলপাররা খারাপ ব্যবহার করে। এর জেরে শিক্ষার্থীরা বাস আটক করে। কোনো কোনো ক্ষেত্রে শুনি ১০ হাজার টাকা নিয়ে ছেড়েও দেয়। কিন্তু এটা তো সমাধান না।