
বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের ডাকা কর্মসূচি ঘিরে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ট্রেন ছেড়ে যায়। তবে ট্রেনটি সাড়ে ১১টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও আসেনি।
বিএনপির দাবি, ঢাকার কর্মসূচিতে যেন দলটির নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নিতে না পারেন, এ জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্টেশনমাস্টার কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল ১০টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ট্রেনে ছেড়ে আসার কথা থাকলেও আসেনি। এ কারণে দুপুর ১২টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ স্টেশন থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। কখন ট্রেন আসবে তা তিনি জানাতে পারেননি। কী কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তা–ও তিনি জানাতে পারেননি।
দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনের জন্য নারায়ণগঞ্জ রেলস্টেশনে দুই শতাধিক মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। এ ছাড়া চাষাঢ়া, ফতুল্লা স্টেশন, পাগলা স্টেশনেও ট্রেনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। সড়কে তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ গণপরিবহনে তল্লাশি করায় বিএনপির অনেক নেতা-কর্মী ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে নারায়ণগঞ্জে আটকা পড়েন। একই কারণে সাধারণ মানুষকেও ভোগান্তি পোহাতে হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে আট জোড়া ট্রেন চলাচল করে। নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে সকাল ১০টা ২৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বেলা ২টা ৪৫ মিনিট, বিকেল ৫টা ১৫ মিনিট, সন্ধ্যা ৭টা ২৫ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩৫ মিনিটে ট্রেন ছেড়ে যায়।
বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মী ও সাধারণ মানুষ যাতে অংশ নিতে না পারেন, এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, সরকার নারায়ণগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ার পর ট্রেন চলাচলও বন্ধ করে দিয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় তাঁদের অনেক নেতা-কর্মী ট্রেনে ঢাকায় যেতেন। মানুষের ঢল দেখে ভয় পেয়ে তাঁরা ট্রেনও চলাচল বন্ধ করে দিয়েছেন।
জানতে চাইলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসলে প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে ফোনে একজন তথ্য দিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রেলের স্লিপারে লাল স্কচটেপ মোড়ানো বস্তু দেখা গেছে। বিষয়টি যাচাইয়ের জন্য ফতুল্লা থানার দুই ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা যাচাই করে সেখানে সে রকম কিছু দেখতে পাননি। এসপি আরও বলেন, রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে তাঁরা নিরাপত্তার স্বার্থে তল্লাশি চালাচ্ছেন। তবে কাউকে আটক করা হয়নি বা অবৈধ কিছু উদ্ধার করা যায়নি।