
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার আগের রুটিন অনুযায়ী বুধবার ছিল ব্যবস্থাপনা বিষয়ের ষষ্ঠ পত্রের পরীক্ষা। মঙ্গলবার রাতে ওই পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বুধবার দুপুরে সেই পরীক্ষায় প্রশ্নপত্র থানা থেকে কেন্দ্রে নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। জানাজানির পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর প্রশ্নগুলো পুনরায় থানায় জমা দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা স্থগিতের বিষয়টি জানা না থাকায় এমনটি হয়েছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র থানায় জমা দেওয়া হয়। প্রশ্নপত্রের প্যাকেটও খোলা হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, ৬ সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। ওই পরীক্ষার একটি কেন্দ্র বাঞ্ছারামপুর সরকারি কলেজ। পরীক্ষার আগের রুটিন অনুযায়ী বুধবার বেলা দেড়টায় ব্যবস্থাপনা বিষয়ের ষষ্ঠ পত্রের পরীক্ষা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে ওই পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষা স্থগিত হলেও বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ আবদুর রহিম প্রশ্নপত্র আনতে পরীক্ষা কমিটির আহ্বায়ক মোজাফ্ফর আলীকে থানায় পাঠান। সেই সময় কেন্দ্রের দায়িত্বরত পরীক্ষা তদারকি কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ থানায় উপস্থিত না থাকায় বাঞ্ছারামপুর থানা থেকে প্রশ্ন নিয়ে আসেন মোজাফ্ফর আলী। বিষয়টি জানাজানি হওয়ার পর অধ্যক্ষ আবদুর রহিম প্রশ্নগুলো প্রতিনিধির মাধ্যমে পুনরায় থানায় জমা দেন।
এ বিষয়ে পরীক্ষা কমিটির আহ্বায়ক মোজাফ্ফর আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ পাওয়া যায়। তবে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, অধ্যক্ষ প্রশ্ন আনতে তাঁকে থানায় পাঠিয়েছিলেন। তাঁর কথামতো থানা থেকে তিনি প্রশ্ন নিয়ে আসেন। পরীক্ষা স্থগিতের বিষয়টি তাঁদের জানা ছিল না। আধা ঘণ্টা থেকে ৪০ মিনিট পর প্রশ্নগুলো পুনরায় থানায় জমা দেওয়া হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম প্রথম আলোকে বলেন, ‘ডিগ্রি পরীক্ষার প্রশ্ন থানায় সংরক্ষিত থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে পরীক্ষায় দায়িত্বরত কর্মকর্তারা এসে থানা থেকে প্রশ্ন নিয়ে যান। পরে বেলা ১টা ৫ মিনিটে আবার প্রশ্নগুলো ফেরত দিয়ে যান। বুধবার পরীক্ষা না থাকার বিষয়টি আমরা জানতাম না। প্রশ্নগুলোর প্যাকেট অক্ষত ছিল। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ডেকে প্রশ্নের প্যাকেট দেখিয়েছি। প্যাকেট ঠিকঠাক আছে বলে তিনি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এসেও প্রশ্নগুলো যাচাই করেছেন।’
এ বিষয়ে কথা বলতে বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠালেও তাঁর সাড়া মেলেনি। তবে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়টি তাঁদের জানা ছিল না। প্রশ্নপত্র আনার পর তাঁরা এ বিষয়ে জানতে পেরেছেন। সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো পুনরায় থানায় জমা দেওয়া হয়। প্রশ্নপত্রের খাম খোলা হয়নি বলেও দাবি করেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ প্রথম আলোকে বলেন, পরীক্ষা কমিটির আহ্বায়ককে দিয়ে থানা থেকে প্রশ্নপত্র নিয়ে গিয়েছিলেন অধ্যক্ষ। শিক্ষার্থী না থাকায় প্রশ্নগুলো পরীক্ষা কমিটির আহ্বায়ককে দিয়ে থানায় পাঠিয়ে দেন। ওসি সাহেব বিষয়টি জানানোর পর প্রশ্নগুলো যাচাই করা হয়। প্রশ্নপত্রের খাম অক্ষত ছিল। তিনি বলেন, আগের রুটিনে বুধবার ব্যবস্থাপনা ষষ্ঠ পত্রের পরীক্ষা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, ‘প্রশ্ন নিয়ে আসার আধা ঘণ্টা পর আবার প্রশ্নগুলো থানায় জমা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে যাচাই-বাছাই করেছি। সব প্রশ্ন অক্ষত আছে।’