
নারায়ণগঞ্জের বন্দরে মিজান সিকদার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অন্য দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুনশি মশিয়ার রহমান এই রায় দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. মিঠু বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজন হলেন বন্দর উপজেলার নোয়াদ্দা এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. মুন্না ও বংগা মিয়ার ছেলে শয়ন মিয়া। নিহত মিজান সিকদার ওরফে মিশর বন্দরের কাইতাখালী এলাকার মৃত শফিউদ্দিন সিকদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, পাওনা ৫০০ টাকা নিয়ে মিজান সিকদারের সঙ্গে মো. মিঠুর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ২০১৯ সালে ২৩ জুলাই রাতে একটি দোকানে আসামিরা মিজান সিকদারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বন্দর উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল (পিপি) বলেন, ওই ঘটনায় তাঁর ভাই সানি সিকদার বাদী হয়ে বন্দর থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ মামলার রায় ঘোষণা করেন।
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন মামলার বাদী মো. সানি। তিনি বলেন, ‘আসামিদের শাস্তি কার্যকর দেখতে চাই। কেউ এই ধরনের ঘটনা ঘটাতে আর সাহস না পায়।’
তবে আসামিপক্ষে আইনজীবী রাশেদুল ইসলাম বলেছেন, আসামিপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হয়েছেন। তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।