রেল সেতুর নিচে পড়ে ছিল নিখোঁজ বৃদ্ধের লাশ

লাশ
প্রতীকী ছবি

নিখোঁজের এক দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় একটি রেল সেতুর নিচ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়ারপুর সেতুর কাছ থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত শীতল দেবনাথ (৭৩) জেলা শহরের পূর্ব পাইকপাড়া (পাটগুদাম রোডের) এলাকার বাসিন্দা। তাঁর ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অবেদনবিদ (অ্যানেস্থেসিয়া) খোকন দেবনাথ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান জানান, সকালে স্থানীয় লোকজন দাড়িয়ারপুর সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির ছেলে খোকন দেবনাথ জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। পাশাপাশি বার্ধক্যের কারণে তাঁর স্মৃতিশক্তিও কমে গিয়েছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না।

খোকন দেবনাথ আরও বলেন, অনেক দিন আগে মাথায় টিউমারের অস্ত্রোপচারের পর থেকে তাঁর বাবার মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি দেখা দেয়। এর পর থেকে তাঁকে কোথাও একা যেতে দেওয়া হতো না। আজ সকালে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, পুলিশ দাড়িয়ারপুর সেতুর পাশ থেকে একটি লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি বাবার বলে শনাক্ত করেন খোকন দেবনাথ।