পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনোহরদীতে লুকিয়ে পুকুরে নেমে তিন শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় লুকিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। একসঙ্গে তিন শিশুর মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তিন শিশু হলো সুমাইয়া (১২), আশামনি (১২) ও ফাতেমা (১১)। এর মধ্যে আশামনি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামের তুহিন মিয়ার মেয়ে, ফাতেমা একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সুমাইয়া আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাইশা গ্রামের মোফাচ্ছের আলীর মেয়ে। তিনজনই মাদ্রাসায় পড়াশোনা করত।

পুলিশ, নিহত শিশুদের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, বাড়ি পাশাপাশি হওয়ায় আশামনি ও ফাতেমা একসঙ্গেই খেলাধুলা করত। সাঁতার না জানায় তাদের পুকুরে নামতে দিতেন না পরিবারের সদস্যরা। কয়েক দিন আগে ওই বাড়িতে বেড়াতে আসে সুমাইয়ার পরিবার। আজ দুপুর ১২টার দিকে বাড়িসংলগ্ন ওই পুকুরটির পাড়ে খেলা করছিল তিন শিশু। একপর্যায়ে লুকিয়ে ওই পুকুরে গোসল করতে নামে তারা। পুকুরটি বেশ গভীর হওয়ায় একে একে তিনজনই পানিতে তলিয়ে যায়। দুপুরের খাবারের সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তিন শিশুকে খোঁজাখুঁজি শুরু করেন। বেলা সাড়ে তিনটার দিকে এক শিশুর লাশ পুকুরে ভেসে ওঠে। পরে তাদের পরিবারের সদস্য, স্বজন ও এলাকার লোকজন পুকুরে নেমে অপর দুই শিশুর লাশ উদ্ধার করেন।

স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মনোহরদী থানার উপপরিদর্শক মো. আবুল হোসেন গিয়ে উদ্ধার হওয়া ওই তিন শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে তিন শিশুর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশগুলো হস্তান্তর করা হয়।