পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধে প্রাণ গেল যুবকের, আহত ৩

লাশ
প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল সকালে পার্বতীপুর পৌরসভার নামাপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।

নিহত শাহজাহান আলী পৌরসভার নামাপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন শাহজাহানের ভাই শাহ আলম (৩৫), চাচাতো ভাই রবিউল ইসলাম (৩০) ও মেহেরাব আলী (৩৫)। স্থানীয় লোকজনের দাবি, শাহজাহানের প্রতিবেশী গোলাম কিবরিয়া (৪৫) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

নামাপাড়া এলাকার ৮ থেকে ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ শতক জমির দখল নিয়ে গোলাম কিবরিয়ার সঙ্গে শাহজাহানের পরিবারের বিরোধ চলছিল। গতকাল সকাল পৌনে নয়টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে গাছ লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করেন কিবরিয়া। এ সময় শাহজাহান ও তাঁর পরিবারের লোকজন তাঁদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কিবরিয়ার ধারালো অস্ত্রের আঘাতে শাহজাহান গুরুতর আহত হন। পরে শাহজাহানকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই শাহ আলম, রবিউল ইসলাম ও মেহেরাব আলী হামলার শিকার হন।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তৎক্ষণাৎ উন্নত চিকিৎসার জন্য চারজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

এদিকে হামলার ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত কিবরিয়া ও তাঁর পরিবারের সদস্যরা। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।