পঞ্চগড়ে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২২

আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার নয়মাইল ফুলতলা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়
ছবি: প্রথম আলো

পঞ্চগড় সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সাড়ে নয়মাইল ফুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে পঞ্চগড় ছাড়াও গাইবান্ধা ও রাজশাহী জেলার বাসিন্দা আছেন বলে জানা গেছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, স্থানীয় লোকজন ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে পঞ্চগড় জেলায় ঘন কুয়াশা ছিল। সকালে তেঁতুলিয়া থেকে যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল বিআরটিসির একটি বাস। অন্যদিকে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি মিনিবাস। মহাসড়কের সাড়ে নয়মাইল এলাকায় পৌঁছালে মিনিবাসটি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসটির সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসের চালকসহ দুটি বাসের যাত্রীরা আহত হন।

ঘটনার পরপরই মিনিবাসের চালক গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, ৬ জন চিকিৎসা নিচ্ছেন এবং ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পঞ্চগড় জেলা সিভিল সার্জন রফিকুল হাসান প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেন (৩২) নামের আহত একজন বাসযাত্রী বলেন, তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। দিনাজপুর থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়াতে যাচ্ছিলেন তিনি। বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দে ঘুম ভেঙে দেখেন সামনের আসনে ধাক্কা লেগে তাঁর ঠোঁট-মুখ দিয়ে রক্ত ঝরছে। একটু পর বুঝতে পারেন বাস দুর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনায় তামিম ইকবাল (৮) নামের এক শিশুর ডান পা ভেঙে গেছে। হাসপাতালের শয্যায় শুয়ে সে জানায়, মা ও বোনের সঙ্গে রাজশাহী থেকে এসেছে সে। তেঁতুলিয়ায় বোনের বাড়িতে যাচ্ছিল তারা। এ সময় তার সঙ্গে মা ও দুই বোনও আহত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন বিআরটিসি বাসের চালক মুরাদ চৌধুরী বলেন, ‘আমি গাড়ি নিয়ে তেঁতুলিয়া থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় সামনে থেকে আসা বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আমার বাসে এসে ধাক্কা দেয়। এতে আমার পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। দুর্ঘটনার সময় আসনে বসেই বাসটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কিন্তু অপর বাসচালক লাফিয়ে পালিয়ে যাওয়ায় দুর্ঘটনায় বেশি ক্ষতি হয়েছে।’

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, দুর্ঘটনার শিকার বাস দুটিকে উদ্ধারের কাজ চলছে।