চট্টগ্রামের সাতকানিয়ায় মো. সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট সৈয়দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম চরতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে। হামলায় তাঁর দুই সহযোগী মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০) আহত হয়েছেন।
এ ঘটনাকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার রাতেই সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার পর খতিরহাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।
চরতী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী প্রথম আলোকে বলেন, নিহত সেলিম ও তাঁর সহযোগীরা খতিরহাট এলাকার একটি করাতকলে মাদক সেবন করছিলেন। স্থানীয় লোকজন এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে পিটুনিতে সেলিম নিহত হন।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা প্রথম আলোকে বলেন, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।