
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ডি এম আলাউদ্দিনকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮টায় দলের জেলা আহ্বায়ক কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
এই কমিটি ঘোষণার পরই গতকাল রাত সাড়ে আটটায় দলের জেলা শাখার একই নেতাদের স্বাক্ষরিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়। সেখানে মো. নোমান খানকে আহ্বায়ক করে এনসিপির উপজেলা শাখার আরেকটি আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।
আধা ঘণ্টার ব্যবধানে দুটি পাল্টাপাল্টি কমিটি ঘোষিত হওয়ায় দলের কর্মীরা দ্বিধাদ্বন্দ্বে আছেন। তবে দলের জেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দাবি, মো. নোমান খানকে আহ্বায়ক করে যে কমিটি হয়েছে সেটি ভুয়া। তাঁদের স্বাক্ষর জালিয়াতি করে ওই কমিটি ঘোষণা করে ফেসবুকে প্রচার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এনসিপির উপজেলা শাখার একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধা ঘণ্টার ব্যবধানে এনসিপির দুটি আহ্বায়ক কমিটি ঘোষিত হওয়ায় দলের নেতা ও কর্মীরা বিভ্রান্ত। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তাঁরা।
এ ব্যাপারে এনসিপির জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান বলেন, মো. নোমান খানকে আহ্বায়ক করে যে কমিটি গঠনের কথা ফেসবুকে ঘোষিত হয়েছে সেটি ভুয়া। স্বাক্ষর জাল করে ওই কমিটি গঠন করা হয়। যাঁরা জালিয়াতি করে কমিটি করেছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনসিপি নেতা মো. নোমান খানকে স্বাক্ষর জালিয়াতি করে কমিটি ঘোষণার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কমিটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন।