রূপগঞ্জে ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

নারায়ণগঞ্জ জেলার মানচিত্র
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বহুতল ভবনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার আউখাবো এলাকার জাহাঙ্গীর মিয়ার তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের ভাড়াটে হাসন বানু (৫৫), তাঁর স্বামী অলি আহমেদ (৬৫), ছেলে ওমর ফারুক (১৫), মেয়ে সাহেরা বেগম (২৪) ও ভাই সানাউদ্দিন (৪৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধ ব্যক্তিদের মধ্যে হাসন বানুর শরীরের ৪৬ শতাংশ, তাঁর স্বামী অলি আহমেদের ৫৮, মেয়ে সাহারার ৩০, ছেলে ওমর ফারুকের ১৫ ও ভাই সানাউদ্দিনের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভবনটিতে রান্নার কাজের জন্য তিতাস গ্যাসের সংযোগ আছে। পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকায় চাপ বাড়ানোর জন্য ভবনের নিচতলার ভাড়াটেরা একটি কমপ্রেসার মেশিন বসান। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চাপ বেড়ে গিয়ে পাইপলাইনের ছিদ্র থেকে কক্ষে গ্যাস জমে গিয়েছিল। পরে কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কক্ষে থাকা একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, পাইপলাইনের ছিদ্র থেকে কক্ষে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে।