রংপুরে আলুর বীজ নকল করে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি আজ রোববার বিকেলে নগরের দর্শনা মোড় ও লালবাগ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নগরীর দর্শনা মোড়সংলগ্ন কিষান হিমাগারে অনুমোদনবিহীনভাবে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের নাম ব্যবহার করে আলুর বীজ প্যাকেজিং এবং বিপণনের অপরাধে অ্যাপোলো ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লালবাগ বাজার এলাকার রংপুর চাষী ঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের প্রতারণার ব্যাপারে কৃষকসহ সাধারণ ভোক্তাদের সচেতন করা হয়েছে। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মারুফা বেগম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ বলেন, এখন আলুর মৌসুম চলছে। এ মৌসুমকে টার্গেট করে একটি চক্র এই নকল বীজ আলুর ব্যবসা করার চেষ্টা করছে। চক্রটি বিভিন্ন কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বসিয়ে হিমাগারে আলু বীজের বস্তা রেখে প্রতারণা করে আসছে। তারা বিভিন্ন স্থানে সোর্স রেখেছে। এ রকম কোনো খবর পেলেই সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।