গাংনীতে কর্মস্থল থেকে অফিস সহকারী নিখোঁজ, মেঝেতে রক্তের দাগ

অফিস সহকারী নিখোঁজ হওয়ার ঘটনা শুনে বেসরকারি সংস্থা আশা–এর কার্যালয়ের সামনে ভিড় করেন লোকজন। মেহেরপুরের গাংনী উপজেলার বাউট এলাকায়
ছবি: প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলার বাউট গ্রামে বেসরকারি সংস্থা ‘আশা’–এর কার্যালয় থেকে এক অফিস সহকারী নিখোঁজ হয়েছেন। অফিস সহকারীর কক্ষের মেঝেতে রক্ত পড়েছিল। এ ঘটনায় আজ রোববার সকালে পুলিশ ওই কার্যালয়ের শাখা ব্যবস্থাপককে আটক করে নিয়ে গেছে।

নিখোঁজ ওই অফিস সহকারীর নাম হৃদয় হোসেন (১৮)। তাঁর বাড়ি বামুন্দি ইউনিয়নের ছাতিয়ান গ্রামে। তাঁর বাড়ি থেকে কার্যালয়টি আধা কিলোমিটার দূরে।

হৃদয় হোসেনের ভাই বিজয় হোসেন বলেন, গতকাল শনিবার রাতে তাঁদের বাড়িতে আশার পাঁচ কর্মকর্তার দাওয়াত ছিল। তাঁরা দাওয়াত খেয়ে হৃদয়কে সঙ্গে নিয়ে চলে যান। হৃদয় সারা রাত বাড়ি ফেরেননি। আজ সকালে তাঁর খোঁজে অফিসে গেলে দেখা যায়, দরজা খোলা। হৃদয় যে কক্ষে কাজ করতেন, সে কক্ষের মেঝে ও সিঁড়িতে রক্তের দাগ লেগে আছে। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসী সেখানে জড়ো হতে থাকেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামকে আটক করে নিয়ে যায়।

হৃদয়ের বাবা মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, গত রাতে আশার কর্মকর্তারা বাড়িতে দাওয়াত খেতে এলে তাঁরা একটি ভিডিও নিয়ে কথা বলছিলেন। হৃদয় তাঁদের বলেন, তাঁর কাছে একটি ভিডিও আছে, যা মুছে ফেলার জন্য শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলাম বারবার হুমকি দিচ্ছেন। বিষয়টি নিয়ে অফিসে বসে মীমাংসা করা হবে বলে হৃদয়কে তাঁদের সঙ্গে যান। পরের দিন হৃদয়ের খোঁজ করতে গেলে মেঝেতে রক্ত দেখে সন্দেহ হয়। এ কারণে স্থানীয় জনতা আমিনুল ইসলামকে মারধর করে পুলিশে দেন।

আশার জেলা ব্যবস্থাপক নাজমুল হোসেন বলেন, হৃদয় হোসেন নিখোঁজ হওয়ার বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আজ সকালে জেলা পুলিশ সুপার রাফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশকে সব আলামত সংগ্রহ করে দ্রুত হৃদয়কে খুঁজে বের করার নির্দেশ দেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, শাখা ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ধারে পুলিশ তদন্ত করছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, নিখোঁজ হৃদয় হোসেনকে উদ্ধারে পুলিশ এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করছে। শাখা ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।