খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশার যাত্রীর নাম মো. মোশারফ হোসেন (৬০)। তিনি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মৃত চান মিয়ার ছেলে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, ট্রাকটি তিনটহরী বাজার পার হয়ে মহামুনির দিকে যাচ্ছিল। স্থানীয় দুলা মেম্বারের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী মো. মোশারফ হোসেন আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।