ফুটবল খেলা নিয়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারামারি, আহত ২৫

বাগেরহাট জেলার মানচিত্র
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাট সদরের সিঅ্যান্ডবি বাজার এলাকায় দুটি বিদ্যালয়ের ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কের জের ধরে মারামারিতে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার বিকেলে সদর উপজেলার মধুদিয়া ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই প্রতিষ্ঠানের সঙ্গে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের খেলায় এ ঘটনা ঘটে।

মধুদিয়া ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম ওরফে মাসুদ প্রথম আলোকে বলেন, ‘খেলা নিয়ে উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তবে আমরা শিক্ষার্থীদের থামিয়ে দিই। এতে কেউ আহত হয়েছে কি না, তা আমার জানা নেই।’

সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরও আমাদের কিছু শিক্ষার্থী আহত হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতিকে জানানো হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, ৪৯তম আন্তস্কুল গ্রীষ্মকালীন টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ছিল বুধবার। মধুদিয়া ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয় ও সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের মধ্যে এ ম্যাচের নির্ধারিত সময়ে দুই পক্ষের কেউ গোল দিতে পারেনি। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের শেষ পর্যায়ে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের একটি কিক গোলবারে লেগে পোস্টের ভেতরে ঢোকে। কিন্তু মধুদিয়া ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোল হয়নি দাবি করলে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে মারামারিতে ২৫ শিক্ষার্থী আহত হয়। তাদের বেশির ভাগ সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। আহত ১৭ শিক্ষার্থীকে বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সোয়েব তরফদার নামের সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুলের এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে। সে জানায়, ‘টাইব্রেকারে গোল দিয়ে আমরা জিতে গিয়েছি। এতে ক্ষুদ্ধ হয়ে ওই স্কুলের (মধুদিয়া ইছাময়ী মাধ্যমিক বিদ্যালয়) শিক্ষার্থী ও স্থানীয় অনেকে মিলে আমাদের ওপর হামলা চালায়। আমাদের সবাইকে তারা মারধর করে।’

জানতে চাইলে বাগেরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোর্শেদ প্রথম আলোকে বলেন, ‘মারামারির বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’