বিশ্ব ভালোবাসা দিবস উদ্‌যাপন

ভালোবেসে বিয়ে করা দম্পতিরা পেল সম্মাননা

সব ভেদাভেদ ভুলে ভালোবেসে বিয়ে করা দম্পতিরা মিলিত হন। গতকাল মঙ্গলবার রাতে নীলফামারীতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে
ছবি: প্রথম আলো

‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম।’ এমন নানা গানে ও স্মৃতিচারণায় নীলফামারীতে গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বিশ্ব ভালোবাসা দিবসের নানা আয়োজন চলে।

নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সব ভেদাভেদ ও রাজনৈতিক মতাদর্শ ভুলে ভালোবেসে বিয়ে করা দম্পতিরা উপস্থিত হন। তাঁদের ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

শহরের ব্লু প্রিজেন্ট ব্যান্ডের আয়োজনে ওই অনুষ্ঠান হয়। মধ্য রাত পর্যন্ত কানায় কানায় পূর্ণ ছিল শহীদ মিনার চত্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছেন প্রেম করে। তিনি তাঁর সফল প্রেমের কাহিনি তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই ব্যান্ডের ব্যান্ড লিডার সুকুমার পাল।

স্বাগত বক্তব্য দেন ব্যান্ডের ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রেম করে বিয়ে করা জেলা শহরের সাত দম্পতিকে দুটি করে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়।
সফল দম্পতিদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের স্ত্রী তাজমিন ফৌজিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতা মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসারজীবনে আমাদের মান–অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সব রাজনীতির ঊর্ধ্বে থেকে সবাই সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’

নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তাঁর জীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কণ্ঠে সংগীত পরিবেশন করেন, ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখব।’

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি, ৪২ বছরের সংসারজীবন অতিবাহিত করছি। আমার রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর অবদান কম নয়।’ এ সময় তিনি প্রতিবছর এই দিনকে এভাবে উদ্‌যাপনের আহ্বান জানান।

ব্যান্ডের ভোকাল জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে তাঁরা সবাই অংশগ্রহণ করেছেন। এখানে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। হয়েছে ভালোবাসার জয়। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’