সরকার আন্তরিক হলে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্ভব: এবি পার্টির চেয়ারম্যান

সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতার। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে
ছবি: প্রথম আলো

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেছেন, ‘সরকার যদি আন্তরিক হয়, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সম্ভব। সংস্কারগুলো করে একটা গণ ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। যদি সম্ভব না হয়, সেটা আলাপ-আলোচনার ভিত্তিতে দুই-চার মাস পেছালেও আমাদের আপত্তি নেই।’

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দলের নেতা-কর্মীদের নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মজিবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে দুটি সময়সূচির কথা বলা হয়েছে। একটা ডিসেম্বর, একটা পরের বছরের জুন মাসের মধ্যে। আমরা বলেছি, এই দুইটা সময় নির্ধারণ করবে আমাদের সংস্কারের কী রূপরেখা হচ্ছে তার ভিত্তিতে, সংস্কারের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে।’

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং এর বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন মজিবুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের যে অঙ্গীকার, এ দুটোকেই সমভাবে ধারণ করা হবে। সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সম্প্রতি বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করব ইন্টারনেটের ওপর ও যেসব পণ্য মানুষের ওপর বেশি প্রভাব ফেলে, এসবের ওপর আরোপ করা ভ্যাটও প্রত্যাহার করা হবে।’

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন দলের জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘৭১-এর মুক্তির লড়াই ছিল বাংলাদেশকে একটা জনমানুষের রাষ্ট্র বানানোর লড়াই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তি এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু ৫৩ বছর পরে এসেও তরুণদের, শত শত মানুষকে রক্ত দিতে হয়েছে ওই একই লড়াইটিকে নবায়ন করার জন্য।’

আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন, তাঁদের সবাইকে বলছি, ৭১ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের মিলিত যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা আমাদের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে গেছেন, তাঁরা সংস্কার চান, পরিবর্তন চান, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান, ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, এমন বন্দোবস্ত চান। সেই আকাঙ্ক্ষা আমরা পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে বাংলাদেশকে ঢেলে সাজানোর যে লড়াই, সেটি চলছে, চলবে।’