দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ অতিথিরা। আজ বৃহস্পতিবার বগুড়ার জামিলনগরের করতোয়া কনভেনশন হল রুমে
দৈনিক বগুড়া পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বেলুন উড়িয়ে উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ অতিথিরা। আজ বৃহস্পতিবার বগুড়ার জামিলনগরের করতোয়া কনভেনশন হল রুমে

ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে এমন নির্বাচন হবে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। নির্বাচনে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, বিনা ভোটে কেউ নির্বাচিত হবেন না।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউপি নির্বাচনের সম্ভাব্য পাঁচটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী ১০ ডিসেম্বর। পরবর্তী ধাপে আগামী ৪ অথবা ৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে রমজান, ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষার পর বাকি তিন ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউপিতে নির্বাচন হবে। বিএনপি ২০ বছর ধরে ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকার নষ্ট করতে চায় না সরকার।

স্বনির্ভর গ্রাম সরকার চালুর উদ্যোগ
গ্রামীণ পর্যায়ে স্থানীয় সরকারব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্রুত স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম সরকার আইন পুনঃপ্রবর্তনের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। আজ দুপুরে বগুড়া সদরের মইন কনভেনশন হল রুমে

ফ্যাসিবাদের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ না করলেও অপরাধ হবে না বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দল নিয়ে তাঁরা কথা বলতে চান না। ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশের মানুষ, সরকারি দল ও বিরোধী দল—সবাই ঐক্যবদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। মানবতাবিরোধী অপরাধ দমন আইন আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই আইনের আওতায় তাদেরই বিচার হবে।

বগুড়ার উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকালের প্রতিষ্ঠাতা সম্পাদক জাহিদ কামালের উৎসাহে ছাত্রজীবনে সাংবাদিকতা শুরু করেন তিনি। ছাত্রসংগঠনের ত্রিমুখী সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার ঘটনা নিয়ে সংবাদ লেখার মধ্য দিয়ে তাঁর সাংবাদিকতায় হাতেখড়ি। পরে সাংবাদিকতার নেশা থেকে আর বের হতে পারেননি।

আতিকুর রহমান আরও বলেন, বগুড়ার সাংবাদিকতাকে এগিয়ে নিতে বিএনপিরও ভূমিকা রয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে বিভাগ চালুর ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বগুড়ার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আতিকুর রহমান বলেন, নিজেদের মধ্যে বিভক্তি থাকলে জেলার উন্নয়ন সম্ভব নয়।

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ।

১৪ সাংবাদিককে সম্মাননা
অনুষ্ঠানে আটজন প্রয়াত সাংবাদিককে মরণোত্তর এবং ছয়জন জ্যেষ্ঠ সাংবাদিককে আজীবন সম্মাননা দেওয়া হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কারও দেওয়া হয়।

মরণোত্তর সম্মাননা পাওয়া সাংবাদিকেরা হলেন দৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা সম্পাদক আমান উল্লাহ খান, দৈনিক করতোয়ার সাবেক সহকারী সম্পাদক যাহেদুর রহমান, সাপ্তাহিক দিনক্ষণের প্রধান সম্পাদক খন্দকার আবদুর রহীম, দৈনিক উত্তরাঞ্চলের সম্পাদক রবিউল হক খান, দৈনিক উত্তরাঞ্চলের প্রকাশক শেখ মাহবুব হোসেন, চ্যানেল আইয়ের সাবেক বগুড়া প্রতিনিধি আবদুর রউফ, বৈশাখী টেলিভিশনের সাবেক বগুড়া প্রতিনিধি কমলেশ মোহন্ত এবং এটিএন বাংলার সাবেক স্টাফ রিপোর্টার ইকবাল মোর্শেদ।

আজীবন সম্মাননা পেয়েছেন দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান, দৈনিক সকালের আনন্দের সাবেক বার্তা সম্পাদক মীর সাজ্জাদ আলী, বাংলাভিশনের বগুড়া ব্যুরোপ্রধান আবদুর রহিম, দৈনিক করতোয়ার সহকারী সম্পাদক মতিউল ইসলাম, এটিএন নিউজের উত্তরাঞ্চল ব্যুরোপ্রধান চপল কান্তি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান।


এ মাসেই বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী
আজ সকাল সাড়ে ১০টায় বগুড়া শহরের জামিলনগরে করতোয়া কনভেনশন সেন্টারে দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মীর শাহে আলম। সেখানে তিনি জানান, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসতে পারেন। সফরে প্রধানমন্ত্রী করতোয়া নদী খনন এবং সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া বগুড়া বিমানবন্দরে ড্রোন কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার ৭টি সংসদীয় আসনের উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। আইনটি পাস হলে এ অঞ্চলে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আতিকুর রহমান।