ঝিনাইদহে শামসুজ্জামান দুদু

এই সরকার ঘরে ঘরে চাকরির কথা বলে ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে

ঝিনাইদহে বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ মঙ্গলবার বিকেলে শহরের উজির আলী হাইস্কুল মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই সরকার ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়েছিল। কিন্তু চালের কেজি এখন ৮০ টাকা। ঘরে ঘরে চাকরির কথা বলে এখন ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ বছর পরিবর্তনের বছর উল্লেখ করে সমাবেশে শামসুজ্জামান বলেন, ‘এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে, আগামী বছর হবে বিএনপির সরকার। যাঁরা এখনো আমাদের ওপর হামলা করছেন, মামলা দিচ্ছেন, তাঁদের তো পালানোর কোনো জায়গা নেই।’

শামসুজ্জামান হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া হাসিনা সরকারের আমলে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আর এ দুটির কোনো একটি নিয়ে টালবাহানা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, হামলা, মিথ্যা মামলায় হয়রানি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহত ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য আবদুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, বিএনপির নেতা মো. আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আবদুল মালেক, মুন্সি কামাল আজাদ, আলমগীর হোসেন, আবদুল মজিদ বিশ্বাস, মাহবুবার রহমান, হামিদুল ইসলাম, হুমায়ন বাবর, শাহজাহান আলী, মাহবুবুর রহমান শেখর প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, এই সরকার কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট সরকার। প্রতিবাদ করলেই তারা রক্ষী বাহিনীর আদলে হামলা করে। ভোলায় দুই ছাত্রনেতাকে হত্যা করেছে। যশোর উন্নয়নের কারিগর সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলামের ওপর হামলা ও তাঁর গাড়ি ভেঙেছে।