শেরপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার রাত ৯টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন শেরপুর সদর উপজেলার যোগনিমোড়া নামাপাড়া এলাকার ইলিয়াস হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে আল আমিন (১৯)। অন্য একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৬ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে শেরপুর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন তাঁরা। মোবারকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমরান হোসেনের মৃত্যু হয়। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক নাদিম আনজুম সিয়াম বলেন, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।