আগামী নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া মডেলে করার পাঁয়তারা করছে আ.লীগ : জোনায়েদ সাকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলে বক্তব্য দিচ্ছেন জোনায়েদ সাকি। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে
 ছবি: প্রথম আলো

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনের মডেলে করার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেছেন তিনি।

ওই কাউন্সিলে জোনায়েদ সাকি বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া মডেলটা খেয়াল করুন। আওয়ামী লীগ ওখানে বিএনপির বহুদিনের এমপি উকিল সাত্তারকে নানাভাবে চাপ দিয়ে, প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনল। এখন উনি দাঁড়িয়েছেন, জিতবেন না কী করবেন, এটা ওনার ব্যাপার। আওয়ামী লীগের এত মাথাব্যথা কেন। ওনার নির্বাচনী মার্কা হচ্ছে কলার কাঁদি। আওয়ামী লীগ প্রচার করে বলেছে, নৌকা আর কলার কাঁদি নাকি একই! এখন প্রশ্ন, কেন বিএনপির উকিল সাত্তারকে আওয়ামী লীগ এভাবে সামনে আনল। যখন আর কোনোভাবে হচ্ছে না। এখন তাদের লক্ষ্য বিরোধী দল থেকে লোক ভাগানো। উকিল সাত্তারের মতো আরও ১০০ উকিল সাত্তারকে নির্বাচনে দাঁড় করানোর জন্য বিভিন্ন বিরোধী দল থেকে লোক ভাগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা এবং এই নিশ্চয়তা দাও যে “আমরা তোমাদের জিতিয়ে আনবই।” সেই পরীক্ষা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। “দেখো আমরা কীভাবে কথা দিয়ে কথা রাখি। জিতিয়ে আনি। সামনে নির্বাচনে জিতিয়ে আনব।” তার মানে আগামী জাতীয় নির্বাচনের চেহারা হবে ব্রাহ্মণবাড়িয়া মডেলে।’

আওয়ামী লীগের আমলে গত দুই নির্বাচনের অভিজ্ঞতা ভালো নয় উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালে এমন নির্বাচন হাজির করেছে যেখানে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরে আওয়ামী লীগ বলেছে তাদের ওপর আস্থা রাখতে। তারা সুষ্ঠু নির্বাচন দেবে। তারপর ২০১৮ সালে সবাই নির্বাচনে অংশ নিয়ে দেখল, রাতের আঁধারে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী—সবাই মিলে ব্যালট বাক্স ভর্তি করেছে।

‘আগামী নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না’—আওয়ামী লীগের এমন বক্তব্যের বিষয়ে সাকি বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, “আগামী নির্বাচন এমনভাবে হবে, নির্বাচন নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না।” ওবায়দুল কাদের বলছেন, “আগামী নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।” তাহলে প্রশ্ন ওঠে, আগে হস্তক্ষেপ করেছে। নির্বাচন সুষ্ঠু করতে আন্তর্জাতিক চাপ আছে। মানুষও আর সরকারকে কোনোভাবে বিশ্বাস করে না। কারণ, ২০১৮ সালে সরকারের ওপর আস্থা রেখেই সব দল নির্বাচনে গিয়েছিল। এখন তারা বলছে, তাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে। তারা তড়িঘড়ি আইন করে নির্বাচন কমিশনার নিয়োগ দিল।’

নির্বাচন কমিশন কেমন স্বাধীনভাবে কাজ করতে পারে, তার নমুনা দেখানোর জন্য গাইবান্ধা উপনির্বাচনকে বেছে নেওয়া হয়েছে মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, গাইবান্ধায় সরকারি দলের লোক ইভিএমে গিয়ে নিজেরা ভোট দিচ্ছেন। এটা সিসিটিভি ক্যামেরায় দেখা গেল। সেই নির্বাচন স্থগিত করা হলো। তখন সরকার বলতে থাকল, নির্বাচন কমিশন কত স্বাধীন। কিন্তু তারা আবার বেকায়দায় পড়ল যে আওয়ামী লীগের লোকজন যে ভোটকেন্দ্রে কীভাবে দুর্নীতি করে, এটা নির্বাচন কমিশন এখন স্বীকৃতি দিয়েছে। এরপর রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ গেল। হস্তক্ষেপ না করার কারণে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। তারপর ছয়টা উপনির্বাচন হলো।

বগুড়ায় হিরো আলমের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘বগুড়ায় নির্বাচনে হঠাৎ করে হিরো আলম দাঁড়ালেন। তাঁর অনেক জনপ্রিয়তা আছে। তিনি নির্বাচনে দাঁড়ানোর কারণে অনেকে ভোট দিতে গেছে। হিরো আলমকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করার মতো সাহসও এই সরকারের নেই। তাঁকে গ্রহণ করার ক্ষমতা আওয়ামী লীগের নেই। হিরো আলম তো প্রশাসনের অনেকের মতো করে ভদ্রভাবে কথা বলেন না। তাই তারা মেনে নিতে পারেনি। তথাকথিত “ছোটলোককে” তাদের মতো “বড়লোকেরা” স্যার বলতে পারবে না। এ কারণে তাঁর ফলাফল কেড়ে নিয়ে তাঁকে জয়ী করেনি। সংবিধান বলে, যেকোনো সুস্থ মানুষ এ দেশে নির্বাচন করতে পারবে। এই যে গরিবের প্রতি ঘৃণা, এই ঘৃণা এই রাষ্ট্রের মজ্জার মধ্যে আছে। লুটপাট, দুর্নীতি ছাড়া তারা শাসন করতে পারে না। তাদের কাছে হিরো আলম এখন আয়না হয়ে গেছে। তাদের প্রতারণা হিরো আলম একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলে রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের সভাপতিত্ব করেন। এটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি জিন্নাত আরা। এতে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, রাবির ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী প্রমুখ।

‘শিক্ষা শেষে কর্মসংস্থান এবং গবেষণামুখী মানবসম্পদ গঠনে গুণগত শিক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হও। প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিশ্চিত করো, গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করো’ স্লোগানে দুই দিনব্যাপী কাউন্সিল শেষে আজ রাতে নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে রায়হান আলীকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।