জামালপুরের মেলান্দহ  

ভর্তি নিয়ে শঙ্কায় ১২০০ শিক্ষার্থী

পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের অবহেলায় শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে শিক্ষার্থীরা। 

এসএসসির দুটি পরীক্ষাকেন্দ্র থেকে সঠিক নিয়মে ব্যবহারিক বিষয়ের নম্বর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠায়নি কেন্দ্র কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। গত সোমবার জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী উচ্চবিদালয়ের সামনে
 ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ব্যবহারিক পরীক্ষায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর অকৃতকার্য ফল এসেছে। এতে ভালো কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তাদের।

শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের অবহেলায় শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে শিক্ষার্থীরা। ফলে এই শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। ভুল সংশোধনের জন্য শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছে।

গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এরপর দেওয়া হয়েছে নম্বরপত্র। কিন্তু নম্বরপত্র দেখেই চিন্তায় পড়েছে মেলান্দহের ১ হাজার ২১৩ শিক্ষার্থী। শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় তারা সবাই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীরা জানায়, তারা আসলে ফেল করেনি, দুটি পরীক্ষাকেন্দ্র থেকে সঠিক নিয়মে ব্যবহারিক বিষয়ের নম্বর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাঠায়নি কেন্দ্র কর্তৃপক্ষ। ফলে তাদের ব্যবহারিক বিষয়ে নম্বরপত্রে অকৃতকার্য এসেছে।

হাজরাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘নম্বর পাঠানোর ক্ষেত্রে আমাদের ভুল হয়েছিল। ফলে বোর্ড ওই শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ের নম্বর পায়নি। আমরা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি এবং কাজও চলছে। এ ক্ষেত্রে ভর্তিতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপরও শিক্ষার্থীদের নম্বর আবার দেওয়া হবে।’

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাজরাবাড়ী উচ্চবিদ্যালয় ও ভাবকী জে এম উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ১৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে পরীক্ষাকেন্দ্র থেকে শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর ত্রুটিপূর্ণ রেখে শিক্ষা বোর্ডে জমা দেওয়া হয়। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

হাজরাবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী মো. সজীব বলে, ‘ব্যবহারিক পরীক্ষার নম্বরের জন্য প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নেওয়া হয়েছে। তবে কেউ ওই বিষয়ে নম্বর পায়নি। নম্বরপত্রে সবার অকৃতকার্য এসেছে। ফলে পাস করার পরও একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’

মেলান্দহ উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আজাদুর রহমান বলেন, দুটি কেন্দ্রের কর্তৃপক্ষ শিক্ষা বোর্ডে শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক নম্বর জমা দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।

এ সমস্যা সমাধানের জন্য কয়েক দিন থেকে শিক্ষার্থীরা কেন্দ্র দুটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। ফলে গত সোমবার বিকেলে হাজরাবাড়ী এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে কেন্দ্র কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা দুই দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাজরাবাড়ী উচ্চবিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের দরজা ও জানালা ভাঙচুর করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মাফিয়া আক্তার বলে, ‘নম্বরপত্রে আমার যে জিপিএ আসছে, ব্যবহারিক বিষয়ের নম্বর যোগ হলে তা আরও বাড়ত। সেটি না হয়ে শারীরিক শিক্ষা বিষয়ে অকৃতকার্য এসেছে। এতে নম্বরের ভিত্তিতে ভালো কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।