বগুড়া জেলার মানচিত্র
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ায় ব্যবসায়ীকে মারধরে অভিযুক্ত যুবদল নেতার পক্ষে-বিপক্ষে মানববন্ধন

বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা ও তাঁর ভাইয়ের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে। আজ সোমবার দুপুর ও বিকেলে শহরের শেরপুর সড়কের কানুছগাড়ি এলাকায় এসব মানববন্ধন হয়।

দুপুরে কানুছগাড়ি এলাকার ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য গতকাল রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে সবার দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ওরফে ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন ওরফে কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।

জোবায়ের হাসান অভিযোগ করেন, যুবদল নেতা কামরুলের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদ বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন এই দুই ভাই। কামরুল ও জিলহজ্জ এর আগেও একাধিকবার ব্যবসায়ীদের মারধর করেছেন বলে তাঁর অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান বলেন, ‘আমাকে বিতর্কিত করতে জোবায়ের হাসান চক্রান্ত করছেন। আমার বড় ভাই কানুছগাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে জোবায়ের হাসান ও আবুল কালাম আজাদ বণিক সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জানতে আবুল কালাম আজাদের দোকানে যান আমার বড় ভাই। সে সময় আমি উপস্থিত ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়।’

আজ বিকেল পাঁচটার দিকে যুবদল নেতা কামরুল হাসানের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শেরপুর রোডের কানুছগাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।