নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১৩ বছর পার হলেও এখনো আদালতে অভিযোগপত্র জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেছেন, বিচারব্যবস্থায় আগের সরকারের আমলের তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে আয়োজিত মোমশিখা প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ত্বকী হত্যার পর থেকে ধারাবাহিকভাবে এ কর্মসূচির আয়োজন করে আসছে।
রফিউর রাব্বি বলেন, ‘সাড়ে ১৩ বছর অতিবাহিত হলেও এখনো ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র তৈরি হয়নি। আমরা জানতে চাই, এখন এই বিলম্বের কারণ কী? এখনো কি ঘাতকদের রক্ষার চেষ্টা হচ্ছে? শেখ হাসিনা সরকারের কালো ছায়া এই সরকারের ওপর আছে কি না, আমরা জানি না।’
রফিউর রাব্বি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে দুর্বৃত্ত রক্ষার যে রাজনীতি তৈরি হয়েছিল, পরবর্তী সময়ে তারই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা হচ্ছে কি না, সেই প্রশ্ন রয়েছে। তিনি এ রাজনীতির পরিবর্তন এবং মানুষের পক্ষের রাজনীতির দাবি জানান। তিনি বলেন, ত্বকীর ঘাতকেরা চিহ্নিত হওয়ার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে। প্রশাসন তাদের নিরাপত্তা দিয়েছে।
অনুষ্ঠানে বক্তারা ত্বকী হত্যাসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুর রহমান, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, বাসদের জেলা সদস্য প্রদীপ সরকার, চেম্বার অব কমার্সের সদস্য আহমেদুর রহমান, আবৃত্তিশিল্পী ফাহমিদা আজাদ এবং সামাজিক সংগঠন সমমনার সাধারণ সম্পাদক গোবিন্দ্র সাহা।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলনে দাবি করে, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে আজমেরী ওসমানের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে দেওয়া হবে। তবে এখনো অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়নি।
ত্বকী হত্যার বিচার শুরু এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে হত্যার পর থেকে প্রতি মাসের ৮ তারিখে মোমশিখা প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।