এ্যানি কারাগারে, লক্ষ্মীপুর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন হাছিবুর

হাছিবুর রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্তমানে কারাবন্দী। তাঁর পরিবর্তে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন হাছিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে হাছিবুর রহমান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। চিঠিতে বলা হয়েছে, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আছেন। তাই দলীয় কার্যক্রম গতিশীল রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হাছিবুর রহমান জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

হাছিবুর রহমান বলেন, ‘ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়ে কেন্দ্র থেকে চিঠি পেয়েছি। দলকে গতিশীল করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত লক্ষ্মীপুর বিএনপি মাঠে থাকবে।’

প্রসঙ্গত, ৭ ডিসেম্বর বেলা তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। বিকেল সোয়া চারটার দিকে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে। তখন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি) ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ। পুলিশের এ অভিযানের একপর্যায়ে রুহুল কবির রিজভীকে আটক করা হয়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ।