সাতক্ষীরায় যুবদল নেতার নেতৃত্বে মাদ্রাসায় হামলার অভিযোগ

সাতক্ষীরা জেলার মানচিত্র
সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একটি বাগান থেকে সুপারি পাড়া নিয়ে একটি এতিমখানা ও মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে উপজেলার বংশীপুর হাফসিখানা এলাকার আমেনা-আবদুর রহিম এতিমখানা ও মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।

হামলায় মাদ্রাসার প্রধান (মুহতামিম) হাফেজ মো. আনিছুর রহমান (৫৮), তাঁর স্ত্রী আমিরুন্নেছা বেগম (৪৮), দুই ছাত্র মেহেদী হাসান (১৫), সাদেকুর রহমানসহ (১৪) সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসার প্রধান হাফেজ মো. আনিছুর রহমান জানান, মাদ্রাসা-সংলগ্ন বাগানের মধ্যে উঠতি বয়সী কিছু তরুণ ও যুবক প্রায়ই মাদকের আসর বসান। মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা একই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করায় কয়েক মাস ধরে মাদ্রাসা অন্যত্র সরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছিলেন তাঁরা। এর ধারাবাহিকতায় আজ এক ছাত্র বাগান থেকে কয়েকটি সুপারি কুড়িয়ে নেওয়ার জেরে সংঘবদ্ধ হয়ে মাদ্রাসায় হামলা চালানো হয়। তিনি অভিযোগ করে বলেন, উপজেলা যুবদলের সভাপতি সফিকুল ইসলামসহ তাঁর ভাই বেলাল, ভাগনে সনি, অনিক, হামিদ, রিজভি, রোহান, মনি, মুজিবরসহ ২০-২২ জন লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিরুজ্জামান বলেন, আনিছুর ও তাঁর স্ত্রীর আঘাত খুবই গুরুতর। হাত ভেঙে যাওয়ার পাশাপাশি জরুরি অপারেশনের প্রয়োজনে তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদ্রাসার ওই জমি তাঁদের দান করা। মাদ্রাসাটি তাঁর ভাই আবদুর রহিমের নামে। আজ সকালে তাঁদের বাগান থেকে না বলে সুপারি পেড়ে নিয়ে যায় কয়েকজন ছাত্র। বিষয়টি জানতে চাইলে আনিছুরের নেতৃত্বে তাঁর ভাবিকে মারধর করা হয়। ভাবির চিৎকারে তাঁর ছেলে ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করেন। এর মধ্যে আশপাশের লোকজন জড়ো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে সবাইকে নিবৃত্ত করেন। ভাবি ও তাঁর ছেলেকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।