
বগুড়ায় কলাবাহী ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার মোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫) ও কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি (২৬)।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাত ১১টার দিকে হাবিব ও রকি মোটরসাইকেলে করে বগুড়া থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী কলাবাহী ট্রাক তাঁদের সামনে থেকে চাপা দেয়।
হাবিবকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের মৃত ঘোষণা করেন। রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা পরপরই ট্রাক নিয়ে পালিয়েছেন চালক ও চালকের সহকারী। লাশ দুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।