
নাটোরের সিংড়ায় চলনবিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে ১৫টি বক উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
আজ সোমবার ভোরে কাদাপানি মাড়িয়ে চলনবিলের সামারকোল এলাকা থেকে বকগুলো উদ্ধার করা হয়। এ সময় আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে পাখিশিকারিকে ছেড়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষ তিনটি ফাঁদ ‘কিল্লাঘর’। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আজ ভোরে সিংড়ার চামারী ইউনিয়নের সামারকোল বিলের ধানখেতে পাখিশিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী তরুণ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তাঁরা প্রায় এক কিলোমিটার পানি ভেঙে একটি ধানখেতে পৌঁছান। সেখানে শিকারিদের তিনটি ফাঁদ কিল্লাঘর ধ্বংস করেন। কিল্লাঘর থেকে ১৫টি বক উদ্ধার করা হয়। পরে পাখিগুলো চামারী ইউনিয়ন পরিষদ চত্বরে এনে অবমুক্ত করা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, চলনবিলে এখন পানি কমতে শুরু করেছে। এ অবস্থায় মাছ শিকারের জন্য বকসহ নানা ধরনের মাছশিকারি পাখির আনাগোনা বেড়ে গেছে। শিকারিরাও এ সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম এলাকায় পাখি শিকার করার চেষ্টা করছেন। শিকারিরা প্রতিটি বক গড়ে ২০০ টাকায় বিক্রি করেন। প্রত্যেক শিকারি ইচ্ছা করলে দিনে ৫০ থেকে ১০০টি বক শিকার করতে পারেন।
সিংড়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান বলেন, প্রশাসন চলনবিলের পাখিসহ জীববৈচিত্র্য রক্ষার জন্য স্থানীয় পরিবেশকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছে প্রশাসন। কোথাও পাখি শিকারের খবর পাওয়ামাত্র ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিকারিদের দণ্ড দেওয়া হচ্ছে। আজকের অভিযানে আটক শিকারি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।