মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

মাদারীপুর জেলার মানচিত্র
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আউয়াল মাদবর (৫০) পাঁচখোলা এলাকার বাসিন্দা ছিলেন।

২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় সাহেব আলী মাতবর নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৫২ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার আসামি ছিলেন আউয়াল মাদবর। তাঁর পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনই আউয়ালকে কুপিয়ে হত্যা করেছেন।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজারে ব্যবসা করতেন আউয়াল। শনিবার রাতে তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা দোকান থেকে তাঁকে ডেকে বাইরে নেয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আউয়ালকে কুপিয়ে জখম করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে ভোররাতে আউয়ালের মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, দোকান থেকে বের হওয়ার পরই দুর্বৃত্তরা আউয়ালকে কুপিয়ে জখম করে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতা থেকেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আউয়াল একটি হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। কারাভোগ শেষে তিনি জামিনে ছিলেন। এ ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে কাজ করছে। হত্যাকে কেন্দ্র করে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।