
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে ছাত্রলীগের এক কর্মীকে হুমকি দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একই সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ রোববার দুপুরে প্রক্টরের কাছে দেওয়া ওই লিখিত অভিযোগে দেলোয়ার হোসেন ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন, ইফতেকার আহাম্মেদ, আশিকুর রহমানের নাম উল্লেখ করেন।
লিখিত অভিযোগে বলা হয়, দেলোয়ার শাহপরান হলের ২৩৯ নম্বর কক্ষের বৈধ শিক্ষার্থী। ১৪ ফেব্রুয়ারি রাতে হলের ওই কক্ষে সাদ্দাম অতিরিক্ত শিক্ষার্থী থাকার জায়গা করেন। এতে স্বাভাবিক শিক্ষাজীবনে সমস্যা হলে দেলোয়ার প্রতিবাদ জানান। এ জন্য ২৪ ফেব্রুয়ারি রাতে বিছনাপত্রসহ দেলোয়ারকে হল থেকে বের করে দেওয়া হয়। এ সময় সাদ্দামের নেতৃত্বে ইফতেকার, আশিকুরসহ প্রায় ১৫ জন মিলে বিভিন্ন হুমকি দেন দেলোয়ারকে। এমন পরিস্থিতিতে দেলোয়ার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রক্টরের কাছে লিখিত অভিযোগে তিনি নিরাপত্তা ও হলের আসন নিশ্চিতে সহায়তা কামনা করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পুরোপুরি অবগত নন দাবি করে এ ব্যাপারে হলের প্রভোস্টের সঙ্গে কথা বলতে বলেন।
বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের প্রভোস্ট মো. মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এর পরপরই তিনি এ বিষয়ে হলের সহকারী প্রভোস্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত খবর নিচ্ছেন। প্রকৃত ঘটনা জানার পর আগামীকাল সোমবার দুই পক্ষকে নিয়ে সুষ্ঠু সমাধান করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি সূত্র জানায়, সাদ্দামসহ যাঁদের বিরুদ্ধে দেলোয়ার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন, তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়ার অনুসারী। তবে একই নেতার অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের জেরেই দেলোয়ারকে হল থেকে বের করা হয়েছে।
ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, দেলোয়ারকে হুমকি দিয়ে নয়, বুঝিয়ে বলা হয়েছে হল থেকে আপাতত বাইরে থাকতে। মূলত একজন জ্যেষ্ঠ শিক্ষার্থীর সঙ্গে বেয়াদবি করায় দেলোয়ারকে আপাতত হল থেকে বাইরে থাকতে বলা হয়েছে। তাঁকে হুমকি দিয়ে বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। জ্যেষ্ঠ শিক্ষার্থীর সঙ্গে ঝামেলার জন্য ছাত্রলীগ নেতা সুমন মিয়াসহ সবাই মিলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় ১০ দিন আগে। সে সিদ্ধান্ত অনুযায়ী দেলোয়ারকে আপাতত হলের বাইরে থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে দেলোয়ারের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া বলেন, দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতি করে। তবে কারও পদ-পদবি নেই। দুই পক্ষই তাঁর অনুসারী, তবে কী নিয়ে এমন ঘটনা ঘটেছে, তিনি অবগত নন। তিনি বাড়িতে থাকায় বিষয়টি তাঁকে কেউ জানাননি এবং তিনি বিষয়টি জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।