
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, হিলিতে ভারতীয় আমদানিকৃত পণ্য খালাস বন্ধ রয়েছে। এ সমস্যা নিরসনে রেলওয়ে ইয়ার্ডটি হিলি থেকে সরিয়ে বিরামপুরে করা হবে।
আজ শুক্রবার বেলা ২টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সূত্র জানায়, নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে আমদানি করা পণ্য উঠানামার ক্ষেত্রে আপত্তি দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ কারণে হিলিতে পণ্য খালাস বন্ধ রয়েছে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম বলেন, ‘ইয়ার্ডটি বিরামপুরের রেলওয়ে স্টেশনের কোথায় তৈরি করা হবে সেটি নির্ধারণে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলীসহ রেলওয়ের অন্য কর্মকর্তাদের নিয়ে জায়গাটি পরিদর্শন করব। ইয়ার্ড নির্মাণ শেষ হলে সেখান থেকে পণ্য ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে যাবে।’
এ সময় রেলমন্ত্রী বিরামপুর স্টেশনে নবনির্মিত প্ল্যাটফর্ম, আধুনিক ভবন ও গাড়ি পার্কিংয়ের জন্য চত্বর নির্মাণের চলমান কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক ও বাংলাদেশ রেলওয়ে (পাকশি-২) বিভাগীয় প্রকৌশলী বির্মল মণ্ডল প্রমুখ।
২০২১ সালের ১১ নভেম্বর ২ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে বিরামপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম।
বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী (পূর্ত) রাজা আলী শেখ প্রথম আলোকে বলেন, বিরামপুর রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের মধ্যে দুটি প্ল্যাটফর্ম ও সীমানাপ্রাচীর নির্মাণ শতভাগ এবং আধুনিক ভবন নির্মাণের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। স্টেশন চত্বরের পশ্চিমের প্রবেশমুখে গাড়ি পার্কিং শেড নির্মাণকাজ শুরু হয়েছে—যা ২৭০ দিনের মধ্যে শেষ হবে।