রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল তালুকদারপাড়া সংঘরাজ বিহার
রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল তালুকদারপাড়া সংঘরাজ বিহার

রাউজানের বৌদ্ধবিহারে আগুন, পরিকল্পিত বলে দাবি বিহার অধ্যক্ষের

চট্টগ্রামের রাউজানে একটি বৌদ্ধবিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবুরখীল তালুকদারপাড়া সংঘরাজ বিহারে এ ঘটনা ঘটে। বিহারের অধ্যক্ষের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিহারে আগুন দিয়েছে। তবে পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডের কারণ দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু ঘুমিয়ে পড়েন। আনুমানিক ভোর চারটার দিকে শব্দ শুনে উঠে দেখতে পান, বিহারে আগুন জ্বলছে। পরে তিনি আশপাশের লোকজনকে ডেকে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণ করেন। খবর পেয়ে রাউজান থানার উপপরিদর্শক মামুন ভূঁইয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু বলেন, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত অগ্নিসংযোগ। বৌদ্ধধর্মীয় গুরুর ছবি, ধর্মীয় লেখা–সংবলিত ব্যানারসহ বিভিন্ন ছবি ও বিহারের বেড়া পুড়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে তিনি আরও বলেন, গতকাল রাতে বিহারের দরজায় বাইরে থেকে ধাক্কা দেওয়া হয়। বাইরে কে জানতে চাইলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার কথা জানিয়েছেন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। আমাদের ধারণা, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’