গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে এসেছেন। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকেরা। বৃহস্পতিবার দুপুরে
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইকবাল ক্যাম্পাসে এসেছেন। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকেরা। বৃহস্পতিবার দুপুরে

সাত দিন পর ডুয়েট ক্যাম্পাসে নবনিযুক্ত উপাচার্য, ফুলেল শুভেচ্ছা শিক্ষকদের

আন্দোলনকারীরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা না করায় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস এখন শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় নিয়োগের সাত দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে প্রথমবারের মতো ক্যাম্পাসে যান নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুপুরে নবনিযুক্ত উপাচার্য প্রশাসনিক ভবনে পৌঁছালে শিক্ষক সমিতির নেতা ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান। পরে তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

গত সপ্তাহে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীদের একটি অংশ। তাঁরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হল ত্যাগ করে বাড়িতে চলে যান। এতে কয়েক দিন ক্যাম্পাস অনেকটা ফাঁকা ছিল।

আজ সকাল থেকে আন্দোলনকারীদের নতুন করে কোনো কর্মসূচি ছিল না। এমন পরিস্থিতিতে আজ ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। প্রশাসনিক কার্যক্রমও নিয়মিতভাবে চলতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিতি ছিল স্বাভাবিক। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা প্রধান ফটকে রেখে দেওয়া বিভিন্ন জঞ্জাল ও পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে নেন। এরপরই উপাচার্য মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, চলমান অস্থিরতার অবসান ঘটিয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন উপাচার্যের অধীনে দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরে আসবে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) উৎপল কুমার দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভিসি স্যারকে ক্যাম্পাসে নিয়ে আসেন বেলা আড়াইটার দিকে। ক্যাম্পাসে প্রবেশ করে তিনি কাজও শুরু করেছেন।’

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি আশা করি, সবাই ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন। একজন ভিসিকে যখন সরকার নিয়োগ দেয়, তখন নিশ্চয়ই একটি ভিশন-মিশন নিয়েই দেয়। ভিসি থাকাকালে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ নিয়োগের বিরোধিতা করে আন্দোলনে নামে। শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় নেতা-কর্মীদের দেখা গেছে।