পদ্মা নদীতে ভাসছিল যুবকের লাশ

লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের উজানে পদ্মা নদীতে ভাসছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

আরিচা লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক নূরুল আনোয়ার বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নদীতে কয়েকজন জেলে লঞ্চ ঘাটের উজানে একটি লাশ ভাসতে দেখেন। জেলেদের কাছ থেকে একে একে খবর ছড়িয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে নৌ-পুলিশের দল ঘটনাস্থলে আসে।

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে খবর পেয়ে তাঁরা লঞ্চ ঘাট এলাকায় ছুটে যান। লঞ্চ ঘাট থেকে প্রায় ২০০ গজ উজানে পদ্মা নদীরে তীরে যুবকের লাশ ভাসতে দেখেন। পরে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে অতিরিক্ত পচন থাকায় এবং মাংস খুলে খুলে পড়ায় ধারণা করা হচ্ছে, অন্তত ৮ থেকে ১০ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। রাজবাড়ী বা পাবনা থেকে লাশটি ভাসতে ভাসতে এখানে এসেছে বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।