ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে
ছবি: প্রথম আলো

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তাঁরা। মিছিলটি শহীদ মিনার হয়ে পুনরায় প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে করা এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২০ জন শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জুবায়ের ইসলামকে হুইলচেয়ারে করে অংশ নিতে দেখা যায়। মিছিলে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বের কোথাও মুসলিমরা অত্যাচারিত হলে আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত। নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আমিও মিছিলে অংশ নিয়েছি। বাংলাদেশ সরকারের কাছে ফিলিস্তিনিদের প্রয়োজনীয় সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি।’

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। আমরা কোনো জঙ্গিবাদকে সমর্থন করি না। কিন্তু বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে, সেখানেই আমাদের প্রতিবাদ জারি থাকবে।’