কার্যক্রম নিষিদ্ধ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা জানায়
কার্যক্রম নিষিদ্ধ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা জানায়

নেত্রকোনায় শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রদ্ধার ভিডিও ফেসবুকে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ নেত্রকোনার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার রাত ১২টার পর উপজেলা সদরের জগৎমণি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার, বিশকাকুনি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়নের তিনটি পৃথক স্থানে শ্রদ্ধা জানানো হয়। এ–সম্পর্কিত ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পূর্বধলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম ও আরশাদ শেখ নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একুশের প্রথম প্রহরে জগৎমনি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দলটির বেশ কিছু নেতা-কর্মী। সেখানে ‘ভয় করি না মরণে’, ‘নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ওরফে ঝন্টু বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা আমেরিকাপ্রবাসী আমানুর রশিদ খানের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সব ভাষা শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এদিকে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে বলে জানা গেছে। এ–সম্পর্কিত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে—এ রকম কোনো তথ্য আমাদের কাছে নেই।’