বন্ধ কারখান খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান। আজ রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানার সামনে
বন্ধ কারখান খুলে দেওয়ার দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান। আজ রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানার সামনে

গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে ফিরেছেন, বন্ধ ৩২টি

মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও অসন্তোষের পর গাজীপুরে আজ রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক। তবে শ্রম আইন ২০০৬–এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক আছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন প্রথম আলোকে বলেন, গাজীপুরে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়কে নামেননি। শান্তিপূর্ণ অবস্থান শেষে বেলা ১১টার দিকে তাঁরা সেখান থেকে চলে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। আজ রোববার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায়

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি ও ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে আছেন।

শ্রীপুরে শ্রমিকদের কয়েক দফা সড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে কয়েক দফায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রথমে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। পুলিশ ধাওয়া দিলে তাঁরা সড়ক ছেড়ে চলে যান। এতে প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এর আগে শ্রমিকেরা একটি ট্রাক ও একটি বাসের সামনের কাচ ভাঙচুর করেন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকার ইউটার্নে অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি বাসে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়।

শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায়

দুপুর পৌনে ১২টার দিকে গিলারচালা এলাকায় শ্রমিকেরা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গিলারচালা ও গড়গড়িয়া মাস্টারবাড়িতে আবার শ্রমিকেরা জড়ো হতে থাকেন। তবে পুলিশের তৎপরতায় তাঁরা সড়কে নামতে পারেননি।

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক মো. মোতাহার হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

আরেক শ্রমিক সজিব মিয়া বলেন, দ্রুত দাবি পূরণ হলে তাঁরা কাজে ফিরবেন, না হলে আন্দোলন ছাড়া আর উপায় নেই।

ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে এক শ্রমিক দাবি করেন, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন।

টহল দিচ্ছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে শ্রীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গিলারচালা এলাকায়

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, উত্তেজিত শ্রমিকেরা মিছিলের জন্য সড়কে নেমে ভাঙচুর চালান।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। গিলারচালা, ১ নম্বর সিঅ্যান্ডবি, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও নতুন বাজার এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে টহল দিতে দেখা গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করছেন।