আটক তরুণ মো. তানিম। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে
আটক তরুণ মো. তানিম। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে

নাটোরে পথসভায় বিমানমন্ত্রীকে ধাক্কা, খেলনা পিস্তলসহ তরুণ আটক

নাটোরের উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের পথসভাস্থলে এক তরুণকে খেলনা পিস্তলসহ আটক করেছে পুলিশ। মন্ত্রীকে দুইবার ধাক্কা দেওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তরুণের কোমর থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আটক তরুণের নাম মো. তানিম (২০)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

পরে শুক্রবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে ওই তরুণকে আটকের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম জানান, তরুণের কাছ থেকে উদ্ধার করা পিস্তলসদৃশ বস্তুটি প্রকৃতপক্ষে অস্ত্র না। এটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল।

উদ্ধার করা খেলনা পিস্তল। শুক্রবার বিকেলে নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটকের সামনে

পুলিশ জানায়, সরকারি সফরে শুক্রবার দুপুরে নাটোরে যান পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজসহ বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। উত্তরা গণভবন পরিদর্শনের পর প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মন্ত্রী। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় এক তরুণ তাঁকে দুইবার ধাক্কা দেন। এ সময় দায়িত্বরত পুলিশ ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালায়। পরে তাঁর কোমর থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়। এরপর তাঁকে সদর থানায় নেওয়া হয়।

আটক তরুণ বিএনপি বা এর কোনো সহযোগী সংগঠনের নেতা–কর্মী নন বলে জানান নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। তিনি প্রথম আলোকে বলেন, ওই তরুণের বাবা একসময় জেলা বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন। তিনি অনেক আগেই মারা গেছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।