কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। গতকাল শনিবার
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। গতকাল শনিবার

প্রয়োজনে জান দেব, ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘প্রয়োজনে জান দেব, কিন্তু ভোটকেন্দ্র ছাড়ব না। আমাদের ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তারা যেন বাড়ি থেকে মৃত্যু নিয়ে আসে। ওই দিন হবে তাদের শেষ দিন, ইনশা আল্লাহ।’

গতকাল শনিবার রাতের দিকে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১–দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। তিনি কুমিল্লা-৪ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী।

প্রশাসনের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজেদের মেধা দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। কোনো দলীয় দাসত্ব করতে আসেননি। আমরা আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করছি, মিলিটারির প্রতি, পুলিশ ভাইদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের জন্য এখন আপনাদের টেস্ট ম্যাচ চলছে এবং পরীক্ষা হবে ১২ তারিখে।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের সুযোগ। তিনি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ১১–দলীয় জোটের প্রার্থী নাজিমুদ্দিন মোল্লার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় সভাপতির বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের ১১–দলীয় জোট মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা।