গরম পানিতে গৃহকর্মী শিশুকে ঝলসে দেওয়ার ঘটনায় গৃহকর্ত্রী গ্রেপ্তার

শিশু নির্যাতন
প্রতীকী ছবি

কুমিল্লার একটি বাসায় শিশুকে ব্যাপক নির্যাতনের পর তার শরীর গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিশুটি ওই বাসায় গৃহপরিচারিকার কাজ করত। গৃহকর্ত্রীর নির্যাতন থেকে বাঁচতে সে ভবনের দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে মামলা করা হলে পুলিশ ওই গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা শহরতলির দৌলতপুর এলাকার এসআরটি প্যালেস নামের বাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির নাম সুমাইয়া আক্তার (১২)। সে কুমিল্লার দেবীদ্বার উপজেলার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে।
গ্রেপ্তার নারীর নাম তাহমিনা তুহিন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহেরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে সুমাইয়াকে সাবেক অধ্যক্ষ মো. আবু তাহেরের বাসায় গৃহপরিচারিকা হিসেবে আনা হয়। সুমাইয়া কুমিল্লার বাসাতেও কাজ করত, কখনো কখনো ঢাকায় আবু তাহেরের মেয়ের বাসায় গিয়েও কাজ করত। কাজে দেরি হলে তাকে বেত দিয়ে মারা হতো। গতকাল সন্ধ্যায় কাজে দেরি হলে সুমাইয়াকে প্রথমে মারধর করা হয়। পরে গরম পানি ঢেলে দেওয়া হয় শরীরে। একপর্যায়ে আরও গরম পানি ঢালতে চাইলে সুমাইয়া দোতলা থেকে লাফিয়ে পড়ে। আবু তাহেরের বাসার নিচতলায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রীরা ভাড়া থাকেন। সেখানে গিয়ে সুমাইয়া নিজেকে রক্ষা করে। পরে ছাত্রীরা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ আসে। পুলিশ এসে সুমাইয়াকে উদ্ধার করে।

গ্রেপ্তার নারীর নাম তাহমিনা তুহিন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহেরের স্ত্রী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জু মোর্শেদ জানান, এ ঘটনায় আজ দুপুরে সুমাইয়ার মামা ইব্রাহিম খলিল আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিনকে একমাত্র আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পুলিশ এর পরপরই তাহমিনা তুহিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। বিকেলে আদালতের বিচারক তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবু তাহেরের স্ত্রী তাহমিনা তুহিন বদমেজাজি হিসেবে এলাকায় পরিচিত। তাঁর বাসার নিচতলায় কলেজের ছাত্রীরা ২৪ বছর ধরে ভাড়া থাকেন। ছাত্রীদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করেন। কোনো ছাত্রীর অভিভাবক দেখা করতে গেলে তিনি খারাপ আচরণ করতেন। তাহমিনার দুর্ব্যবহারের কথা এলাকাবাসীর মুখে মুখে। গৃহপরিচারিকা শিশুটিকে কথায় কথায় তাচ্ছিল্য, পান থেকে চুন খসলে চুলের মুঠি ধরে মারধর, বেত দিয়ে পেটানো, সর্বশেষ গরম পানি দিয়ে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দিয়েছেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, ‘আমি ঘটনার সময় বাইরে ছিলাম। মেয়েটি পা পিছলে পড়ে গেছে।’ গরম পানিতে শরীর ঝলসে যাওয়া নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

মেয়েটির মামা ইব্রাহিম খলিল বলেন, ‘গরম পানিতে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমি মামলা করেছি। আমি চাই, তাহমিনার শরীরেও গরম পানি ঢালা হোক। তাহলে তিনি বুঝবেন দগ্ধ হওয়ার যন্ত্রণা।’