গাজীপুরে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কাশিমপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন আসামি ও বাদীপক্ষের লোকজন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে শরিফুল (৪৫)। তিনি নীলফামারী জেলার সদর থানার রামকলা এলাকার নুর আলমের ছেলে। এখানে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। চাকরি করতেন স্থানীয় একটি পোশাক কারখানায়।

আদালত সূত্রে জানা যায়, পোশাক কারখানায় কাজের সূত্রে অভিযুক্ত সাইফুল ইসলামের পরিচয় হয় একই কারখানার মোহসেনা আক্তার নামের এক নারীর সঙ্গে। সেখান থেকে প্রেম এবং পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের পর থেকেই ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে মোহসেনা সাইফুলকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হন সাইফুল। প্রতিশোধ নিতে সুযোগ বুঝে ২০২০ সালের ৭ ডিসেম্বর মোহসেনাকে কুপিয়ে হত্যা করেন তিনি।

ঘটনার পর ওই দিনই সাইফুলকে আসামি করে কাশিমপুর থানায় একটি হত্যা মামলা করেন মোহসেনার ছোট ভাই সাদ্দাম হোসেন। পুলিশ তদন্ত শেষে সাইফুলকে আসামি করে ২০২১ সালের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ মামলার রায় দেন।

মামলায় সরকারপক্ষের আইনজীবী এবং জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি মকবুল হোসেন কাজল রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। আসামি চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।