উচ্ছ্বাস কর্মকার
উচ্ছ্বাস কর্মকার

মেসের কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়–সংলগ্ন একটি মেস থেকে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামের এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খালপাড় এলাকার একটি ভবনের নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাসা খুলনার পাইকগাছা উপজেলায়।

একাধিক শিক্ষার্থী বলেন, তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে থাকতেন উচ্ছ্বাস। কয়েক দিন ধরে তাঁর কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। গতকাল সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে মেসটির অন্য বাসিন্দাদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পুলিশ ঝুলন্ত অবস্থায় থাকা উচ্ছ্বাসের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সাইফুল ইসলাম, বন্দর থানার উপপরিদর্শক

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি আত্মহত্যা কি না, সেটিও তদন্তের পর নিশ্চিত হওয়া সম্ভব।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি শুভ বৈরাগী নামে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল।