
চট্টগ্রামের চন্দনাইশে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়েছে। এতে বাসের চালকের সহকারীসহ দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় কক্সবাজারমুখী ঈগল পরিবহন নামের একটি বাসটির সামনের চাকা বিস্ফোরণ হয়। পরে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে। এরপর তাঁদের নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিল।
আহত ব্যক্তিরা হলেন বাসের চালকের সহকারী মোহাম্মদ হাশেম (৩৫) ও বাসযাত্রী মো. ফরিদ (৬৫)। এর মধ্যে হাশেম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা ও ফরিদ লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) সালাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।