পঞ্চগড়ে ‘ক্যাশলেস’ ইউপি সেবায় খুশি মানুষ

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নাগরিকত্বের সনদপত্র নিতে আসেন আবদুল্লাহ আল রুমান নামে এক তরুণ। ‘ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম’-এর মাধ্যমে বিকাশে নির্ধারিত ফি পরিশোধের পর মুহূর্তের মধ্যেই তিনি পেয়ে গেলেন ইউপি চেয়ারম্যানের সই করা নাগরিকত্বের সনদ। সঙ্গে সঙ্গে মুঠোফোনে পেয়ে গেলেন সেই বার্তা (এসএমএস)। সহজে ও দ্রুত এই নাগরিক সেবা পেয়ে খুশি আব্দুল্লাহর মতো এই কার্যালয়ে আসা অনেক মানুষ।

গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কথা হয় আবদুল্লাহ আল রুমানের সঙ্গে। তিনি বলেন, ‘এর আগে নাগরিকত্বের সনদ নিতে এলে ইউনিয়ন পরিষদ থেকে সনদ নিয়ে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হতো। এখন সনদ নিতে এসে হাতে হাতে কোনো টাকাও দিতে হলো না। বিকাশে ফি পরিশোধ করলাম, এখন দেখি কম্পিউটার থেকে চেয়ারম্যানের স্বাক্ষরসহ সনদ বের হয়ে এল। এতে আমাদের সময় বাঁচল, আর টাকাটাও নির্দিষ্ট স্থানে গেল।’

সম্প্রতি পঞ্চগড় জেলার ৪৩টি ইউনিয়ন পরিষদে ‘ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম’ চালু হয়েছে। এতে মুঠোফোন কিংবা কম্পিউটার থেকে ঘরে বসেই সেবা নিতে পারছেন সাধারণ নাগরিকেরা। এতে সময় বাঁচার পাশাপাশি নির্ধারিত ‘ফি’র বাইরে কোনো টাকা দিতে হচ্ছে না। ফলে হয়রানির শিকারও হতে হচ্ছে না।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে নাগরিকত্বের সনদ নিতে আসা মল্লিকা বেগম বলেন, এর আগে এতটা সহজ ছিল না। ইউনিয়ন পরিষদে একটা সনদ নেওয়ার পর তাতে স্বাক্ষর নেওয়ার ঝামেলা থাকত। নিজের সনদের জন্য নিজেকে আসতে হতো। এখন জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দিয়ে আবেদন করলেই স্বাক্ষর করা সনদ চলে আসছে। ভালোই লাগল সিস্টেমটা।

পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান খান বলেন, এই পদ্ধতিতে সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন, সে জন্য তাঁর স্ক্যান করা স্বাক্ষর দেওয়ার অনুমতি দেওয়া আছে। সে ক্ষেত্রে যেকোনো ধরনের ঝামেলা এড়াতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন দেখে সেবা গ্রহীতাদের সনদপত্র দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের আয়ের বিষয়ে একটা স্বচ্ছতা থাকছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদগুলো থেকে সেবাগ্রহীতাদের সেবামূল্য নগদে গ্রহণ বা রসিদ ছাড়া অর্থ গ্রহণের কারণে অনেক সময় সরকারি অর্থ তছরুপ হওয়ার আশঙ্কা থাকত। সেবা গ্রহীতাদের দূরদূরান্ত থেকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গিয়ে সনদ নিতে সময় অপচয় হতো। সেই সঙ্গে ইউপি চেয়ারম্যানদের স্বাক্ষরের জন্য অপেক্ষা করত হতো। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ের জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা এই ক্যাশলেস লেনদেনের উদ্যোগ নেন। এতে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম তাঁকে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেন। গত ৬ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদে ক্যাশলেস সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ধীরে ধীরে এই সেবা জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে চালু হয়। এতে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, ভূমিহীন সনদ, উত্তরাধিকার সনদ, অবিবাহিত সনদ, বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্রসহ নানা সেবা নিজের মুঠোফোন থেকে নগদ ও বিকাশসহ অনলাইন পেমেন্টের যেকোনো মাধ্যমে ফি পরিশোধ করে সেবা নিতে পারছেন। একই সঙ্গে এই ক্যাশলেস সেবা জেলার তিনটি পৌরসভায় পরীক্ষামূলকভাবে চালুর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর যে প্রত্যয়, ‘ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম’ তার মধ্যে অন্যতম একটি উপাদান। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সময়, খরচ ও যাতায়াত কমিয়ে এনে প্রান্তিক পর্যায়ের জনগণকে নাগরিক সেবা দেওয়ার জন্য ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম জেলা পর্যায়ে পঞ্চগড়েই প্রথম। এতে গ্রাহকদের ফি পরিশোধের স্বচ্ছতা থাকায় কোনো দুর্নীতি বা হয়রানির সুযোগ থাকবে না।

নিয়ম অনুযায়ী, সেবা গ্রহীতারা www.uniontax.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিজের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়নের নাম ‘সিলেক্ট’ করবেন। এরপর তিনি যে সেবা নিতে চান সেই সেবা ‘সিলেক্ট’ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন দাখিল করবেন। এ সময় সেবা মূল্য (ফি) অনলাইন পেমেন্টে গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হয়। এর পরপরই তিনি একটি প্রাপ্তি স্বীকারপত্র এবং পরিশোধ রসিদ পাবেন। ইউপি কর্তৃপক্ষ আবেদনটি যাচাই বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন করলে সংশ্লিষ্ট সেবা গ্রহীতার মুঠোফোন ও আবেদনের সময় দেওয়া ই–মেইলে একটি বার্তাসহ চাহিদা সনদটি পেয়ে যাবেন। পরে তিনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন। সনদটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে। সেই সঙ্গে সনদটিতে একটি কিউআর কোড থাকবে, যা থেকে সেবাগ্রহীতা যে কোনো সময় স্ক্যান করে সত্যতা নিশ্চিত করতে পারবেন। সেবা গ্রহীতাদের এই টাকা এটুআইয়ের পেমেন্ট প্রসেসর ‘একপে’–এর মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে জমা হবে।

ক্যাশলেস ইউপি সেবা সিস্টেমের কারিগরি তত্ত্বাবধানে নিয়োজিত ফ্রিলান্সিং প্রতিষ্ঠান সফটওয়্যার সিস্টেম সলিউশনের সমন্বয়ক ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট (সিএ) কবির হোসাইন বলেন, ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম ডিজিটালাইজেশনের ফলে সেবাগ্রহীতারা যে কোনো সময়, দেশ-বিদেশের যে কোনো জায়গা থেকে স্মার্টফোন বা অন্য যেকোনো প্রযুক্তির মাধ্যম এই সেবা নিতে পারছেন।